নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজে মুসল্লির মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজে মুসল্লির মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে এসে আসলাম(৫৮) নামের এক ঝাঁলমুড়ি বিক্রেতা মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে শহরের শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, শহরের নতুন বাবুপাড়া এলাকার সিংগিপুকুর মহল্লার বাসিন্দা মো. আসলাম। পেশায় তিনি একজন ঝাঁলমুড়ি বিক্রেতা। গতকাল শুক্রবার তিনি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কেন্দ্রীয় জামে মসজিদে আসেন। এ সময় অন্যান্য মুসল্লির মতো আসলাম খতিবের বয়ান মনোযোগসহ শ্রবণ করছিলেন। এর এক পর্যায়ে আকস্মিক অসুস্থ অনুভব করেন তিনি।

অন্য মুসল্লিরা কোন কিছু বুঝে ওঠার আগেই তিনি মসজিদের ভেতরেই ঢলে পড়েন। এ সময় তার পাশে থাকা মুসল্লিরা দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তার প্রতিবেশী মো. আজম জানান, আসলাম ছিলেন অত্যন্ত পরহেজগার একজন মানুষ এবং নিয়মিত নামাজ আদায় করতেন। গত কয়েকদিন অসুস্থ থাকার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি পবিত্র জুমার নামাজে অংশ নিতে মসজিদে যান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165597