নেইমারকে বিশ্বকাপ দলে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান

নেইমারকে বিশ্বকাপ দলে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান

স্পোর্টস ডেস্ক : আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে ব্রাজিলিয়ানদের ব্যক্তিগত মতামত তো আছেই। সেটাই জরিপ করেছে ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘জেনিয়াল/কুয়েস্ট’।

গত বৃহস্পতিবার প্রকাশিত তাদের জরিপে দেখা গেছে, নেইমারকে জাতীয় দলে ডাকার পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান। তার দলে ফেরার বিপক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা কোনো সিদ্ধান্ত দেননি। শুধু তাই নয়, জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি বা ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের মনে কোনো ‘উত্তেজনা নেই’। মাত্র ১২ শতাংশ মানুষ এবারের আসর নিয়ে ‘খুবই রোমাঞ্চিত’। ৩২ শতাংশের উত্তর ছিল, তারা ‘খুব একটা রোমাঞ্চ অনুভব করছেন না।’ বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ানদের এমন অনীহার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নেতিবাচক পূর্বাভাস। ৬৮ শতাংশ ব্রাজিলিয়ানই মনে করেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই। ২০২৩ সালের এপ্রিল থেকে এই জরিপ শুরু হওয়ার পর ব্রাজিলে ফুটবল নিয়ে এমন চরম হতাশার চিত্র আর কখনও দেখা যায়নি। এটিই জরিপের ইতিহাসে সর্বোচ্চ নেতিবাচক হার।

‘জেনিয়াল/কুয়েস্ট’ মূলত দুটি প্রতিষ্ঠানের একটি যৌথ প্রয়াস-যেখানে ‘জেনিয়াল ইনভেস্তিমেন্তোস’ এর আর্থিক খাতের দক্ষতা এবং সিইও ফেলিপে নুনেস প্রতিষ্ঠিত ‘কুয়েস্ট কনসাল্টোরিয়া ই পেসকুইসা’র তথ্যনির্ভর বুদ্ধিমত্তা ও বিশ্লেষণ একীভূত হয়েছে। এর আগে ব্রাজিলের ভোটারদের মনোভাব, নির্বাচনী সমীকরণ ও সরকারের জনপ্রিয়তার ওপর বড় আকারের জরিপ চালিয়ে প্রতিষ্ঠানটি বিশেষ খ্যাতি অর্জন করে। অন্তত ২ হাজার বা তারও বেশি মানুষের সরাসরি মতামতের ভিত্তিতে তৈরি করা তাদের গবেষণালব্ধ প্রতিবেদনগুলো বেশ নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ‘সি’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিদ্বন্দ্বি দল মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165537