‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে : নৌপরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে জ্বালানির কৃত্রিম চাহিদা ও সংকট তৈরি করা হচ্ছে। এর প্রমাণ হিসেবে হাজার হাজার লিটার মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। আমাদের চ্যালেঞ্জ রয়েছে, তবে কোনও সংকট নেই। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। যেকোনও সিদ্ধান্ত নেয়ার আগে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়া হবে কি না এই সিদ্ধান্ত নেয়ার আগে সরকার দেশের স্বার্থ, বন্দরের লাভ এবং প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনাসহ সব বিষয় বিবেচনা করবে। যাই হোক, দেশের স্বার্থ রক্ষা করা হবে।
শেখ রবিউল আলম বলেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে। তারা সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত। দক্ষ জনশক্তির মাধ্যমে বাংলাদেশ সমুদ্র খাতে আরও অগ্রসর হতে চায়। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165528