রাজশাহীতে ক্রেতা সেজে তেল মজুতকারীকে ধরল এনএসআই
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করতেন রাকিব হাসান। এরপর চড়া দামে সেই তেল বাইকারদের কাছে বিক্রি করতেন। ক্রেতা সেজে এই ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাকিব হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাকিব নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি নগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ ভবনের বেসমেন্টে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানিয়েছেন, অভিযানে ৪০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। এই তেল বাজারমূল্যে বিক্রি করে দেয়া হয়েছে। জরিমানা ও তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, বহুতল ভবনটির তত্ত্বাবধায়ক রাকিব হাসান ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর বেসমেন্টের একটি স্থানে মজুত করে রাখতেন। সেখান থেকে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করতেন।
এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা কিছুদিন এ বিষয়ে নজরদারি করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে চাইলে রাকিব বিক্রি করতে রাজি হন। এসময় হাতেনাতে তাকে ধরে তেল জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়।
ভবনের বেসমেন্টে বোতল ও জার দেখে গোয়েন্দা সংস্থার ধারণা, অভিযুক্ত রাকিব হাসান সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন। তেলের অবৈধ মজুত ঠেকাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165485