প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে নতুন করে সাজানো হচ্ছে বগুড়া

প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে নতুন করে সাজানো হচ্ছে বগুড়া

হাফিজা বিনা : উত্তরের হৃদপিণ্ড বগুড়া এখন যেন এক উৎসবের মহোৎসবে মেতেছে। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় পা রাখছেন তারেক রহমান,আর তার এই সফরকে কেন্দ্র করে দশকের পর দশক ধরে বঞ্চিত বগুড়াবাসী এখন বড় বড় সব প্রাপ্তির প্রহর গুনছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার এই প্রথম সফরকে ঘিরে কেবল রাজনৈতিক উদ্দীপনা নয়, বরং জেলার শিক্ষা, যোগাযোগ ও প্রশাসনিক কাঠামোর আমূল পরিবর্তনের স্বপ্নে বিভোর সাত মাথার এই শহর।

শহর ঘুরে দেখা গেছে এক মহাযজ্ঞের চিত্র। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভাঙাচোরা রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হচ্ছে। রোড ডিভাইডারগুলো ঘষে-মেজে নতুন রঙে রাঙানো হচ্ছে। সুন্দর করে ছাঁটা হয়েছে ডিভাইডারের গাছপালা।

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণার চূড়ান্ত ক্ষণে পৌর ভবনকে শেষ বারের মত রঙ তুলির আঁচড়ে অপরূপ সাজে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর অবস্থানের জন্য সার্কিট হাউসেও চলছে ধোয়া-মোছা আর নতুন রঙের কাজ। তোরণ,ব্যানার আর পরিস্কার পরিচ্ছন্নতায় পুরো জেলা এখন বর্ণিল।

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি, সিটি কর্পোরেশন ঘোষনা,একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং স্থবির হয়ে থাকা বিমানবন্দরটি সচল করা। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তার এই সফরেই ‘সিটি কর্পোরেশন’ ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ এবং বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর চূড়ান্ত ঘোষণা দেবেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বিমানবন্দর চালু হলে এই অঞ্চলের কৃষিপণ্য ও শিল্প খাতের বৈপ্লবিক পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা জানান, তাদের আর বগুড়ার বাইরে যেতে হবে না। কর্মসংস্থান হবে অনেক বেকার ছেলেমেয়ের।

তাই বহু বছর পর এত বড় বড় প্রাপ্তির হাতছানিতে সাধারণ মানুষের মনে বইছে বাঁধভাঙা উচ্ছ্বাস। শহরের প্রতিটি মোড় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই বগুড়ার উন্নয়ন। সাংস্কৃতিক অঙ্গনে এখনও বৈশাখি মেলার আমেজ কাটেনি। এর মাঝেই সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় আর বিমানবন্দরের মতো মেগা প্রকল্পগুলোর ঘোষণার অপেক্ষায় আনন্দে ভাসছে সাধারণ মানুষ।

সব মিলিয়ে, দীর্ঘ অনেক বছর পর প্রাপ্তির খাতায় বড় বড় অর্জন যোগ হওয়ার খুশিতে বগুড়ার প্রতিটি প্রান্তে এখন বইছে ঈদের মতো আনন্দ। এই সফর কেবল এক রাজনৈতিক নেতার ঘরে ফেরা নয়, বরং বগুড়াবাসীর জন্য এক নতুন অর্থনৈতিক ও সামাজিক বিপ্লবের শুভসূচনা হিসেবেই দেখা দিচ্ছে। সব মিলিয়ে, দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনা ঘুচিয়ে এক বর্ণিল বগুড়া দেখার অপেক্ষায় প্রহর গুনছে উত্তরবঙ্গবাসী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165481