সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরি হওয়া শ্যালো মেশিন উদ্ধারসহ গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরি হওয়া শ্যালো মেশিন উদ্ধারসহ গ্রেফতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের জমি থেকে শ্যালো মেশিন চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চোরাই শ্যালো মেশিন ও একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজিপুর গ্রামের মো. আব্দুস সালাম খান গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সেচের কাজ শেষ করে শ্যালো মেশিনটি তালাবদ্ধ করে বাড়িতে যান। পরবর্তীতে রাতে সাড়ে ১০টার দিকে আবার সেচ দিতে গিয়ে দেখেন শ্যালো মেশিনটি সেখানে থেকে চুরি হয়েছে।

এরপর স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারেন চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা ও পূর্ব পাইকড়া বাজার এলাকায় রায়গঞ্জ থানা পুলিশ টহলরত অবস্থায় একটি অটোচার্জার ভ্যানে শ্যালো মেশিনসহ দুইজনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালাম খান পুলিশ হেফাজতে থাকা শ্যালো মেশিনটি নিজের বলে শনাক্ত করেন।

গ্রেফতারকৃত দু’জন হলো-উপজেলার গুনগাতী (ধানগড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আইয়ুব আলী (২৫) ও হাসিল আমতলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মো. মঞ্জু শেখ (১৯)। এসময় তাদের সহযোগী শ্রী সুজন কুমার (২৬) পালিয়ে যান।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দু’জন শ্যালো মেশিন চুরির কথা স্বীকার করেছে। পরে তাদের কাছ থেকে পাম্পসহ একটি পুরোনো শ্যালো মেশিন এবং একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আব্দুস সালাম খান বাদি হয়ে রায়গঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন।

এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, চুরি হওয়া শ্যালো মেশিনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165473