১ লাখ ৩৮ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ
জ্বালানি তেলের মজুদ বাড়াতে স্বস্তির খবর নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত তেলবাহী চারটি জাহাজ। এর মধ্যে তিনটিতে রয়েছে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং একটিতে রয়েছে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন। বড় এই চালান আসার ফলে দেশে জ্বালানি তেলের কোনো সংকট থাকবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার (১৭ এপ্রিল) চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। তিনি বলেন, “চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি তেলের পার্সেল আসবে। সব মিলিয়ে তেলের কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই।”
বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করা জাহাজগুলোর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে এসেছে। জাহাজটি থেকে ইতোমধ্যে লাইটারিং (ছোট জাহাজে তেল খালাস) শুরু হয়েছে এবং আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) এটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে।
অন্যান্য জাহাজের মধ্যে রয়েছে ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেলবাহী পর্তুগালের ‘এমটি কেপ বনি’, ২৭ হাজার ৩৬৩ টন অকটেনবাহী কেম্যান আইল্যান্ডের ‘এমটি নেভি সিয়েলো’ এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেলবাহী চীনের ‘এমটি লিয়ান সং হো’।
বৈশ্বিক ভ্যাসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, ‘এমটি নেভি সিয়েলো’ গত ১০ এপ্রিল এবং ‘এমটি অকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ ১২ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে রওনা হয়ে চট্টগ্রামে পৌঁছেছে। এছাড়া চীনের ‘এমটি লিয়ান সং হো’ গত ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
জ্বালানি তেলের এই বড় চালানগুলো খালাস শুরু হওয়ায় দেশের পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165468