দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও।
শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে এই সূচির কথা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি অনুযায়ী, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া দল শেষবার বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। ওই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। ওইবার মিরপুরে বাংলাদেশ ৪-১ এ সিরিজ জিতেছিল। আর ১৫ বছরে প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
অজিরা শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১১ সালে। মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল। তার আগে অস্ট্রেলিয়া ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৩-০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165439