নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর সাড়ে ছয় বছরের শিশু নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত ওই এলাকার প্রবাসী সাদেক মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে খেলা করছিল নিশাত। এর কিছুক্ষণ পর তাকে আর পাওয়া যায়নি। সিসি ক্যামেরায় দেখা যায় বোরকা পরিহিত এক নারী নিশাতকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ দুপুরে স্থানীয়রা তার বাড়ির পাশে ঝোপঝাড়ে একটি বস্তা দেখতে পেয়ে খুলে নিশাতের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165427