রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার
রাজবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে হালিম সরদার (৪০) নামে হত্যাসহ ১০ মামলার এক আসামিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
গ্রেপ্তার হালিম সরদার সদর উপজেলার সোনাকান্দর এলাকার মৃত. জলিল সরদারের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ এপ্রিল রাজবাড়ী সদর থানার সোনাকান্দর লোকসেডগামী রাস্তার হারুন সিকদারের বন্ধ মুদিখানা দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে হালিম সরদারের দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃত আসামির বিরুদ্ধে এসআই শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হালিম সরদারের বিরুদ্ধে হত্যা, মারামারি ও মাদকসহ ১০টি মামলা রয়েছে।