৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেট ইতিহাসের অধিনায়কদের সম্মানিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান এডহক কমিটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ এক আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেনস কার্ড।

দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চিন্তা করছে বিসিবি।

এই ক্যাপ্টেনস কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ কিংবা বিপিএল যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেক অধিনায়করা। এ ছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম তার জন্য সবসময় অ্যাভেইলেবল থাকবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।

দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন।  ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য বিদায়ী বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও ছিলেন না মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও ফারুক আহমেদ।

অমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান তামিম। তিনি বলেন, 'আমি সব অধিনায়কের সঙ্গে কথা বলেছি। বুলবুল ভাইকে ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি। তাকে রিচ করতে পারিনি। তারপর অনুধাবন করলাম যে আমিও ব্লক লিস্টে। বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে।'

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165383