৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বিজলি চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়।

এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165380