বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর : ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব রুমন
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী হওয়ার পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ এপ্রিল প্রথম বারেরমতো তার নিজ জেলা বগুড়া সফরে আসছেন। এদিন বিকেলে তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় ভাষণ দেওয়া ছাড়াও দিনব্যাপী বিস্তারিত কর্মসূচিতে অংশ নিয়ে সেসব কর্মসূচির উদ্বোধন করবেন।
বুধবার (১৫ এপ্রিল)সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের এ তথ্য জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় তারা জানান, ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছবেন। তিনি সার্কিট হাউস থেকে যাবেন জেলা জজ আদালতে। সেখানে নবনির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি ই-বেলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী বগুড়া পৌরসভা চত্বরে যাবেন। সেখানে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বগুড়া শহরের বিভিন্ন অনুষ্ঠান শেষ করে তার পৈতৃকবাড়ি বাগবাড়ী যাবেন। বাগবাড়ীতে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি ১৯ বছর পর জিয়া বাড়িতেও যাবেন এবং কিছু সময় সেখানে অবস্থান করে বগুড়ায় সমাবেশে যোগদান করবেন। সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ কোর্ট চত্বর, বগুড়া পৌরসভা, আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শর করেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি’র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও অংশ নেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165254