ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেয়াল চাপায় শিশুর মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলা নববর্ষের দিনে দেয়াল চাপায় প্রাণ হারিয়েছে চার বছরের এক শিশু। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাণীশংকৈল পৌর শহরের কলেজ হাট ঈদগাপাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুবাশ্বিরা। সে স্থানীয় আসবাবপত্র ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষে নতুন পোশাক পরে বাড়ির গেটের সামনে খেলছিল মুবাশ্বিরা। বাড়ির পাশেই প্রতিবেশী দেলোয়ার হোসেনের দীর্ঘদিনের পুরনো ও নড়বড়ে একটি সীমানা দেয়াল ছিল। হঠাৎ দেয়ালটি ভেঙে শিশুটির ওপর পড়ে। ইটেরর স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মুবাশ্বিরা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুবাশ্বিরার মা জানান, সকালে নতুন জামা পরে আনন্দে মেতে উঠেছিল তার মেয়ে। কিন্তু দুপুরের আগেই সেই আনন্দ চিরতরে নিভে যায়। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165161