মোহাম্মদপুরে মাইক্রোবাসে আগুন, দগ্ধ ২

মোহাম্মদপুরে মাইক্রোবাসে আগুন, দগ্ধ ২

ঢাকার মোহাম্মদপুরে চলন্ত মাইক্রোবাসে এসির গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—গাড়িচালক আবু হোসেন (৫২) এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল বাশার (৪০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন

দগ্ধ আবু হোসেনের স্ত্রী জেসমিন জানান, দুপুরে তারা মাইক্রোবাস নিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা দিয়ে যাচ্ছিলেন। গাড়িতে আগে থেকেই এসির গ্যাস লিকেজ ছিল, যা তারা টের পাননি। গাড়ির ভেতরে সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, দগ্ধদের মধ্যে আবু হোসেনের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে আবুল বাশারের দুই হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাদের দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165125