র‌্যাব-১৩'র অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

র‌্যাব-১৩'র অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: র‌্যাব-১৩'র অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২ আসামি মমিন মিয়া (৪২) ও মোছাঃ সুইটি বেগমকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার বিকেলে রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া জনৈক রুবেলের বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামি এবং তাদের সহযোগিরা গত ৯ এপ্রিল ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমের গলার ডানপাশে সজোরে কোপ মারলে ভিকটিমের গলার ডান পাশে কানের নিচে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে ত্যাগ করে। বাদী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোতয়ালী থানাকে অবগত করলে থানা পুলিশ ভিকটিমের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গত সোমবার বিকেলে রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া জনৈক রুবেলের বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী রবার্টসনগঞ্জ তাঁতীপাড়ার মৃত মুসলিমের পুত্র মোঃ মমিন মিয়া (৪২) ও মমিন মিয়ার স্ত্রী মোছাঃ সুইটি বেগমকে (৩৫) গ্রেফতার করে।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন গত ৮ এপ্রিল আসামি মোমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসার সময় ভিকটিম রাকিবের সাথে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে, আসামি সুইটি বেগম তার স্বামী অপর আসামি মোমিনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে মোমিনকে উস্কানি দেয়। এরই ধারাবাহিকতায় পরের দিন ভিকটিম রাকিবকে দেখতে পেয়ে আসামি মোমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে ।

এছাড়াও এই ধরনের সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। ## হুমায়ুন কবীর মানিক, রংপুর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165112