গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের শিশুদের পরিচয় করিয়ে দিতে ইনকিলাব মঞ্চের সুপারি পাতার বাহন
ঢাবি প্রতিনিধি: গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের শিশুদের পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইনকিলাব মঞ্চ। বাংলা নববর্ষকে কেন্দ্র করে সংগঠনটি আয়োজন করেছে ‘সুপারি পাতার বাহন’—একটি প্রতীকী ও সৃজনশীল কর্মসূচি, যার মাধ্যমে শহরের শিশুদের গ্রামীণ জীবনের সহজ-সরল উপাদানের সঙ্গে পরিচিত করানো হচ্ছে।
মঙ্গলবার ( ১৪ এপ্রিল ) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী শিশু ও তাদের অভিভাবকরা। সুপারি পাতাকে নানাভাবে সাজিয়ে তৈরি করা হয় ছোট ছোট বাহন, যা দেখতে অনেকটা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলনা বা পরিবহন ব্যবস্থার মতো। শিশুদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
ইনকিলাব মঞ্চের কর্মীরা জানান, বর্তমান সময়ে বাংলা নববর্ষ উদযাপন ধীরে ধীরে শহুরে অভিজাত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, বাংলার প্রকৃত ঐতিহ্য ও সংস্কৃতি আড়ালে পড়ে যাচ্ছে এবং নববর্ষ একটি ‘এলিট উৎসব’-এ পরিণত হচ্ছে। সংগঠনটির এক কর্মী বলেন, “আমরা চাই বৈশাখ হোক সকল মানুষের উৎসব—গ্রাম ও শহরের, ধনী ও গরিবের। শিশুদের যদি ছোটবেলা থেকেই আমাদের মাটির সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো যায়, তাহলে তারা এই ঐতিহ্যকে ধারণ করে বড় হবে।”
তিনি আরও বলেন, “সুপারি পাতা, তালপাতা, বাঁশ, কঞ্চি—এই সাধারণ উপকরণগুলোই গ্রামীণ জীবনের অংশ। এগুলোর মাধ্যমে শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি আমরা তাদের শিকড়ের সঙ্গে যুক্ত করতে চাই।”
অভিভাবকরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনে বেড়ে ওঠা শিশুদের জন্য এমন আয়োজন তাদের কল্পনাশক্তি ও সাংস্কৃতিক বোধকে সমৃদ্ধ করবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে এবং বাংলা সংস্কৃতিকে গণমানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে কাজ করবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165108