মেহেরপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন (৬০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ এপ্রিল)বিকেলে মুজিবনগর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী। নিহতের স্বামী খেদের আলীর দাবি তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও নিহতর পরিবার জানায়, খেদের আলী বিকালে মাঠ থেকে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে এবং শরীর রক্তাক্ত। এসময় তার চিৎকারে এলাকাবাসি ছুটে আসে। পরে মুজিবনগর থানা পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের স্বামী খেদের আলী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তার আপন ভাই আখের আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বদ্ব চলছিল। গত ৫ এপ্রিল প্রতিপক্ষরা দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে হত্যার হুমকি দেয়। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165062