বগুড়ার শাজাহানপুরের বনানী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরের বনানী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে দুইটি প্রতিষ্ঠানে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন র‌্যাব-১২ এর একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে বনানী বাজারের রাজু স্টোরে বোতলজাত ২ লিটার সয়াবিন তেল সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০ থেকে ৪২০ টাকায় বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই বাজারের গৌর সাহা মিষ্টির দোকানে ক্ষতিকর উপায়ে জিলাপি তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165027