বান্দরবানের যেসব পর্যটন কেন্দ্রে পহেলা বৈশাখে বিনামূল্যে প্রবেশ করা যাবে
বাংলা ১৪৩২ সাল শেষ হতে চলেছে।
আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ।শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা নতুন বছর বরণে সর্বত্র চলছে। এক্ষেত্রে পিছিয়ে নেই বান্দরবান জেলা প্রশাসনও।
পহেলা বৈশাখ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এবার জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।
গতকাল রোববার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে সকল দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভ্রমণপিপাসু পর্যটকরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারা ও ঘুরতে আসা পর্যটকরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের আগ্রহ বৃদ্ধি করবে বলে আশাবাদী স্থানীয়রা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165005