রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষযাত্রায় সামিল হতে আজ সোমবার (১৩ এপ্রিল) সকালেই পৌঁছে যান বলিউড ও ক্রীড়াজগতের দিকপালরা। সপরিবারে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এ ছাড়াও রিতেশ দেশমুখ, টাবুসহ বলিউডের বহু তারকা চোখের জলে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় শিল্পীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ভিড় জমিয়েছিলেন তার ঘনিষ্ঠ পরিজনরা। 

দুপুর গড়াতেই মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকার ‘কাসা গ্র্যান্ডে’ আবাসনে নেমে আসে শোকের ছায়া। ভারতীয় সংগীত জগতের এই মহীরুহকে যথাযথ সম্মান জানাতে তার মরদেহ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। 

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শিল্পীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হচ্ছে। দুপুর ২টা পর্যন্ত তার মরদেহ বাসভবনেই শায়িত ছিল, যাতে গুণমুগ্ধরা তাদের প্রিয় ‘আশা’কে শেষবারের মতো চাক্ষুষ করতে পারেন। বিকাল  ৪টা নাগাদ শিবাজী পার্কে সম্পন্ন হবে তার শেষকৃত্য।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165003