ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ করবে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ করবে ছাত্রদল

ঢাবি প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আগামী ১৪ এপ্রিল  (মঙ্গলবার) পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হবে “বৈশাখী উৎসব ১৪৩৩”।

আয়োজক সূত্রে জানা যায়, উৎসবটি শুরু হবে দুপুর ২টা থেকে এবং এতে থাকবে গ্রামীণ ঐতিহ্যবাহী নানা আয়োজন। দর্শনার্থীদের জন্য প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পুতুলনাচ, লাঠিখেলা, বায়োস্কোপ, নাগরদোলা, বাউল গানসহ জারি-সারি গানের পরিবেশনা। এসব আয়োজনের মাধ্যমে বাঙালির লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবের প্রচারণার অংশ হিসেবে আজ বিকাল ৪টায় একটি বর্ণিল ব্যান্ড পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে যাত্রা শুরু করে আবাসিক হলসমূহসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এ শোভাযাত্রার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে আয়োজকদের।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সকলকে এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানের সচিত্র সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আয়োজকরা আশা করছেন, এ উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং বাঙালির চিরায়ত সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164996