মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় রিগান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেহেরপুর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত রিগান মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ বেলা ১১টার দিকে শোলমারী গ্রামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার নানাবাড়িতে বেড়াতে আসে।
সে স্থানীয় একটা দোকানের পাশে খেলা করার সময় রিগান তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ প্রদান না করলে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা ভিকটিমকে দেওয়ার নির্দেশও দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন।