নববর্ষ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

নববর্ষ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

ঢাবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ বরণের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। আজ রাত থেকেই যানবাহন চলাচলে কড়াকাড়ি থাকবে। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে রোববার (১২ এপ্রিল) বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এই নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ-শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল-সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল প্রবেশপথ পুনরায় উন্মুক্ত করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে নীলক্ষেত ছাড়াও উদয়ন স্কুলের সামনের পথ দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। একইসঙ্গে স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের দিক দিয়ে প্রবেশের অনুমতি পাবে।

এছাড়া অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন এ সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন ১৪ এপ্রিল বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা শুধু ক্যাম্পাস থেকে বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এ নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ১৪ এপ্রিল বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে সব কর্মসূচি শেষ করতে হবে। এর পর কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164954