সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেবে গেছে ব্রিজের গার্ডার পাঁচ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেবে গেছে ব্রিজের গার্ডার পাঁচ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নলসোন্দা খালের উপর ৬৬ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শেষ না হওয়ার আগেই ব্রিজের মাঝের গার্ডার দেবে গিয়ে মূল ব্রিজটি বাঁকা হয়ে গেছে। এ অবস্থায় ব্রিজের স্টপ স্লাব ঢালাই করা হয়েছে। স্টপ স্লাব ঢালাইও উঁচু-নিচু অবস্থা হয়েছে।

ঠিকাদার ও উপজেলা ইঞ্জিনিয়ার অফিস থেকে বলা হচ্ছে এ সামান্য ত্রুটির জন্য ব্রিজের কোনো ক্ষতি হবে না। আর এলাকাবাসীর ধারণা ত্রুটিপূর্ণ ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন যাতায়াত করলে ব্রিজটি ধসে যাওয়ার  সম্ভাবনা রয়েছে।

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ১৫ নভেম্বর ওই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। গত ৫ বছরেও ব্রিজ ও ব্রিজের সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ হয়নি। ব্রিজের গার্ডারের সমস্যা সমাধান না করেই রিভাইস এস্টিমেটে অনুমোদন দিয়ে আগামী ৩০ এপ্রিল-২০২৬ পর্যন্ত কাজের মেয়াদ বর্ধিত করেছেন কর্তৃপক্ষ। এ ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২৩ সালের ৩১ মার্চ।

নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় ৪ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৬৬৫ টাকা থেকে ব্যয় বেড়ে ৪ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৭৬ টাকায় দাঁড়িয়েছে। সেই সাথে চরম দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। ব্রিজটির নির্মাণ কাজ করছেন চট্রগ্রামের মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স  ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজের কাজ ৫ বছরেও শেষ না হওয়ায় ক্ষোভে-দুঃখে ব্রিজের উপর দোকান ঘর তুলে বাজার বসিয়েছেন স্থানীয়রা।

ওই এলাকার মো: নাজমুল হোসেন, মো: তোফাজ্জল হোসেনসহ অনেকেই জানান, ব্রিজের নির্মাণ কাজ শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, ধীরগতি ও মাঝে মধ্যেই কাজ বন্ধ রেখে উধাও হয়ে যায়। আবার ২-৩ মাস পর ব্রিজ তদারককারী কর্তৃপক্ষের চাপের কারণে পুনরায় কাজ ধরে।

এইভাবে ব্রিজের নির্মাণ কাজ করতে গিয়ে মাঝের গার্ডার দেবে বাঁকা হয়ে যায়। দেবে যাওয়া গার্ডারের উপর স্টপ স্লাব ঢালাই দেয়া হয়েছে। তারা বলেন, ব্রিজের মূল কাঠামো তৈরি হয়েছে, কিন্তু দু’পাশের রেলিং ও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না ব্রিজটি। বর্ষা মৌসুমে নৌকায় এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোর উপর দিয়ে পায়ে হেটে অনেক কষ্টে স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনসাধারণ চলাচল করছে।

সেতুটি চালু হলে ১২ গ্রামের প্রায় দু’লক্ষাধিক মানুষের অনেক দিনের কষ্ট দূর হবে। কি হবে গার্ডার দেবে যাওয়া ব্রিজের? সকল ত্রুটির সমাধান করে ব্রিজটি কবে নাগাদ চলাচলের জন্য উপযোগী করা হবে এটাই এখন ওই এলাকাবাসীর ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164932