বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে সিরাজগঞ্জ কলেজ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ বরণে সিরাজগঞ্জ সরকারি কলেজে চলছে নানামুখী প্রস্তুতি। পুরোনো সব জীর্ণতা ও গ্লানি মুছে চৈত্রের দাবদাহ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষ্যে কলেজে এখন চলছে অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ রোববার (১২ এপ্রিল) কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শোভাযাত্রার বিভিন্ন কাঠামো তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। বাঁশ আর কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে একেকটি প্রতীকী অবয়ব।
পথে আলপনা আঁকা, জলরঙে গ্রামবাংলার দৃশ্য ফুটিয়ে তোলা, বাঘ, প্যাঁচাসহ নানা কল্পিত চরিত্রের মুখোশ তৈরির কাজ। এছাড়া কলেজ ক্যাম্পাসের প্রতিটি রাস্তা রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠছে দেশজ সংস্কৃতির নানা চিত্র। শিক্ষার্থীদের তৈরি এসব শিল্পকর্ম দেখতে ভিড় করছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।
বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ আমাদের শেকড়ের সাথে সম্পৃক্ত। এবার কলেজে বর্ষবরণ অনুষ্ঠানে বর্তমান সময়ের সামাজিক ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরা হবে।
ভোরের আলোয় মোরগের ডাক যেমন নতুন দিনের জানান দেয়, তেমনি এবার পহেলা বৈশাখ নতুন জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হবে। এদিকে বর্ষবরণ ঘিরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164930