দুই দিনে বগুড়ায় আসছেন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

দুই দিনে বগুড়ায় আসছেন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন কর্মসূচি সফল করতে দুই দিনে বগুড়ায় আসছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম যৌথভাবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল একই দিনে একদিনের সফরে বগুড়া সফর করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সফরের অংশ হিসেবে আগামী মঙ্গলবার বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হচ্ছে। এরপর ওইদিন বেলা ৩টায় ‘হোটেল মম ইন’ এ জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী।

এছাড়া প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বগুড়া থিয়েটার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বগুড়া পৌর পার্কে মঙ্গলবার সকাল ৮টায় বৈশাখী মেলার উদ্বোধন করবেন। শিবগঞ্জ উপজেলায় স্থানীয় জনগণের সঙ্গে নববর্ষ উদযাপনেও অংশ নেবেন তিনি। এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে, আগামীকাল সোমবার দুপুর দেড়টায় বগুড়ায় এসে শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি স্টেডিয়ামের বর্তমান অবস্থা ঘুরে দেখবেন এবং মাঠের সংস্কার ও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পুনরুজ্জীবিত করার বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় করবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164917