এপ্রিলের ১১ দিনে প্রবাসী আয় ছাড়ালো ১ বিলিয়ন ডলার
চলতি এপ্রিল মাসের প্রথম ১১ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এক বিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১১ এপ্রিল পর্যন্ত দেশে মোট ১২১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সর্বশেষ তিন দিনেই এসেছে ২৪ কোটি ডলারের বেশি, যা প্রবাহ বৃদ্ধির ধারাকে আরও জোরালো করেছে।
গত বছরের একই সময়ে এপ্রিল মাসে মোট রেমিট্যান্স ছিল প্রায় ১০৩ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিরা অনিশ্চয়তা এড়াতে দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন দেখা যাচ্ছে।
এর আগে গত মার্চ মাসে দেশে প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়ে। ওই মাসে মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার (৩৭৫ কোটি ডলার) রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। আগের বছরের মার্চের তুলনায় এ প্রবাহ প্রায় ১৪ শতাংশ বেশি ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164907