বগুড়ায় হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু, ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

বগুড়ায় হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু, ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। মোট ১১ কর্ম দিবসব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং হামের প্রকোপ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ক্যাম্পেইনটি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকায় ডেপুটি সিভিল সার্জনদের প্রশিক্ষণ শেষ হয়েছে। টিকা প্রদান উপলক্ষে আজ সোমবার রাজশাহীতেও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি প্রশিক্ষণ হবে বলেও জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এদিকে বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ২১ শিশু। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন ভর্তিকৃত রোগীদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছে সাত শিশু এবং মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছে চারজন।

বর্তমানে জেলার দু’টি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ২৫ শিশু। এরমধ্যে শজিমেক হাসপাতালে ১৯ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি আছে চারজন এবং টিএমএসএস হাসপাতালে দু’জন শিশু হামের উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বগুড়ায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ শিশু। এরমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৭২ শিশু। জেলায় সন্দেহভাজন হামের রোগী ১৭১ জন। ল্যাব রিপোর্টে হাম চিহ্নিত হয়েছে পাঁচজনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ল্যাব রিপোর্টে একজনের হাম নিশ্চিত হয়েছে।

বগুড়া জেলা সিভিল সার্জন ডা. খুরশিদ আলম জানান, আগামী ২০ এপ্রিল থেকে ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রগুলোতে দক্ষ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের টিকা প্রদান করবেন। ইতোমধ্যে তাদের তাদের সংগ্রহে তিন লাখের বেশি টিকা রয়েছে।

ক্যাম্পেইন চলাকালে সংকট পড়লে টিকা আরও সংগ্রহ করা হবে বলে তিনি জানান। তিনি এই কার্যক্রম সফল করতে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164895