ফের রিমান্ডে মামুন খালেদ ও আফজাল নাছের
রাজধানীর পল্টন মডেল থানায় বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সাবেক কর্মকর্তা মো. আফজাল নাছেরকে রিমান্ডে পাঠানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত মামলাটির তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। গোয়েন্দা মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামিদের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তার বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ মার্চ দিবাগত রাতে শেখ মামুন খালেদকে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তার ১৬ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়। অন্যদিকে, ৩০ মার্চ ভোরে আফজাল নাছেরকেও একই এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি সরকারের পতনে এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। ওই সময়ে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়, যার ফলে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164874