নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

মফস্বল ডেস্ক: খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বর্ষবরণ। চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “ফুল বিজু” উদযাপনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।রোববার (১২ এপ্রিল) ভোরের আলো ফুটতেই খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদী এবং আশপাশের ছড়া-খালগুলোতে নেমে আসে উৎসবের আমেজ।

শহরের খবংপুড়িয়া ও রিভারভিউ পয়েন্ট এলাকায় ভোর থেকেই শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী মানুষ দলবদ্ধভাবে নদীর তীরে ভিড় করেন। তারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন। নদীর দুই তীর রঙিন ফুলে সাজানো হয়ে ওঠে এক বর্ণিল দৃশ্যে, যেন প্রকৃতি নিজেই উৎসবে অংশ নিয়েছে।

ফুল বিজু মূলত পুরনো বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক। এই দিনটিতে মানুষ প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি ও সুখের জন্য।নদীতে ফুল দিতে আসা নুপুর চাকমা বলেন, আমরা পরিবার-বন্ধুবান্ধব নিয়ে ভোরে নদীর পাড়ে এসেছি। গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল অর্পণ করব। আমাদের চাওয়া অতীতের সব দুঃখ-অশান্তি মুছে যাক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সাধন কুমার চাকমা বলেন, ফুল বিজুর মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময়জুড়ে চাকমা সম্প্রদায় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন করবে।

ফুল ভাসানো অনুষ্ঠান দেখতে ও অংশ নিতে নদীর পাড়ে শত শত মানুষের সমাগম ঘটে। এসময় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164833