চীনে ১০০ কিমি আল্ট্রা ট্রেইল ম্যারাথন জয় করলেন বাংলাদেশি ইমামুর
স্পোর্টস ডেস্ক : চীনে অনুষ্ঠিত ইউটিএমবি (UTMB) ম্যারাথনের ১০০ কিলোমিটার ক্যাটাগরি সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের আল্ট্রা রানার ইমামুর রহমান। শুক্রবার (১০ এপ্রিল) চীনের মগাসানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে ফিনিশ লাইনে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন তিনি।
প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে প্রকৃত দূরত্ব ছিল ৮০ কিলোমিটার এবং এলিভেশন গেইন ছিল ৪৬০০ মিটার। প্রায় ৫ হাজার অ্যাথলেটের সাথে লড়াই করে ইমামুর ২০ ঘণ্টা ৩ মিনিটে এই দুর্গম পথ পাড়ি দেন। দৌড় শুরু হওয়ার কিছুক্ষণ পরই প্রবল ঝড়-বৃষ্টি এবং হাড়কাঁপানো ঠান্ডা বাতাস শুরু হলেও অদম্য মানসিক শক্তিতে দৌড় শেষ করেন এই ‘হাইব্রিড অ্যাথলেট’।
উল্লেখ্য, গত ২৫ দিনে ইমামুর রহমান তিনটি অত্যন্ত কঠিন ট্রেইল রেস সম্পন্ন করে বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন। গত ১৫ মার্চ চীনের শিয়ামেনে ৯৭ কিলোমিটারের রেস এবং ২৯ মার্চ কংহুয়ায় ৩০ কিলোমিটারের ট্রেইল রেস শেষ করেন তিনি। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে থাইল্যান্ডে 'ইউটিএমবি এশিয়া মেজর' সম্পন্ন করার গৌরব অর্জন করেছিলেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164829