হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন

হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলেকে। শনিবার শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে আসার পর ৯২ বছর বয়সী এই শিল্পীকে সরাসরি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে গায়িকার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। এ ছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার গাওয়া ‌‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ইন আঁখোঁ কি মস্তি কে’ কিংবা ‘ইয়ে ক্যায়া জাগাহ হ্যায় দোস্তোঁ’-এর মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

আধুনিক গান নিয়ে এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি শিল্পী জানিয়েছিলেন, তিনি বর্তমানে পুরোনো ধ্রুপদী গান এবং গজল শুনতেই বেশি পছন্দ করেন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164822