বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি এবং রুগ্ন শিল্পগুলোকে চালু করা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি এবং রুগ্ন শিল্পগুলোকে চালু করা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকার কখনও ব্যবসা করার চিন্তা-ভাবনা করে না, বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি করা এবং রুগ্ন যে শিল্পগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে চালু করা।

সেটা বেসরকারিভাবে হোক বা আন্তর্জাতিক বিনিয়োগকারীর মাধ্যমে হোক না কেন আমরা সেই শিল্পগুলোকে আবার সচল করতে চাই। সেক্ষেত্রে শুধু সরকারিভাবে করতে হবে এমন কথা নয়, প্রাইভেট সেক্টরকেও উৎসাহিত করা যেতে পারে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে খুব দ্রুত সময়ের মধ্যে জাপান থেকে বিনিয়োগকারী দল আসবে। আপনারা যারা ফ্যাক্টরি মালিক আছেন, আমরা আপনাদের সাথে সংযোগ করিয়ে দেব।

কীভাবে এ শিল্পকে পপ্রার করা যায়, মার্কেট বৃদ্ধি করা যায় এবং গবেষণার মাধ্যমে প্রান্তিক চাষীদের সক্ষম করে গড়ে তুলতে পারা যায় সে লক্ষ্যে সরকার বেসরকারি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী আমাদেরকে নিজে ডেকে রাজশাহী সিল্ক এর বিষয়ে জানতে চেয়েছেন। রেশম নিয়ে উনার পরিকল্পনা রয়েছে এবং কীভাবে এই হারানো রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আপনারা পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাপকভাবে চাষাবাদের জন্য রেশমচাষীদের এক ছাতার নিচে নিয়ে আনার পরামর্শ দিয়েছেন। প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের অবশ্যই এমন পরিবেশ তৈরি করতে হবে। এসময় জনগণের স্বার্থে, রাজশাহী সিল্কের স্বার্থে বিশেষজ্ঞদের কাছে লিখিত পরামর্শ আহ্বান করেন তিনি।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক মোছা. নাছিমা খাতুন। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, রেশম ব্যবসায়ী, রেশমচাষী, উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164814