স্বরলিপির যে গানে শতভাগ সন্তুষ্ট সুরকার মিল্টন খন্দকার
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মে যারা নিয়মিত গান গেয়ে থাকেন তাদের সবাই একজন শিল্পীর কন্ঠের সবসময়ই ভূঁয়সী প্রশংসা করে থাকেন, তিনি হচ্ছেন তানজিনা করিম স্বরলিপি। কিন্তু কী এক অজানা কারণে স্বরলিপির কন্ঠ’টাকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছেনা-এমনই মৃদু অভিযোগ তারই সহশিল্পীদের। তবে অনেকেই স্বরলিপিকে নিয়ে কাজ করছেন, স্বরলিপির কন্ঠে নতুন নতুন গান প্রকাশ পাচ্ছে বিশেষত বিটিভিতে এবং বাংলাদেশ বেতারে।
এরইমধ্যে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমরে জন্য একটি আধুনিক গানে কন্ঠ দিয়েছেন স্বরলিপি। গানটি লিখেছেন সুব্রত পাল, সুর সঙ্গীত করেছেন কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার। দুদিন আগেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানের কথা হচ্ছে ‘ তোমার মতো এমন আপন কেউ নেইতো আমার’।
গানটির ভয়েজ নেয়া শেষে স্বরলিপি প্রসঙ্গে মিল্টন খন্দাকর বলেন,‘ রেডিও টিভিতে কাজ করলে একটা সম্মানী পাওয়া যায় চেকের মাধ্যমে। খুশি হয়ে তা গ্রহণ করি। কিন্তু কিছু কিছু সময় খুশি এবং তৃপ্তি নিয়ে ঘরে ফিরি। ৭ এপ্রিল ছিল তেমন একটি দিন। আমার একটি সুরারোপিত গানে কন্ঠ দিয়েছে স্বরলিপি। গানটি যেভাবে সুর করেছি, সে তার পঞ্চাশ ভাগ গাইলেই আমি খুশি হয়ে যেতাম। কিন্তু না মেয়েটা সর্বোচ্চ নিংড়ে ১০০ ভাগ করে গাইলো। আমি এক টিকেটে দুই ছবি দেখার খুশি এবং তৃপ্তি নিয়ে ঘরে ফিরলাম! স্বরলিপি কিংবা স্বরলিপির মতো যারা ভালো গান গাইতে পারেন তাদের জন্য অবশ্যই আমাদের সবারই পৃষ্ঠপোষকতা করা উচিত। স্বরলিপির জন্য অনেক অনেক দোয়া রইলো।’
স্বরলিপি বলেন,‘ এর আগেও শ্রদ্ধেয় মিল্টন খন্দাকর স্যারের সুর সঙ্গীতে গান গেয়েছি। স্যার আমাকে খুউব স্নেহ করেন এবং চেষ্টা করেন আমাকে সুন্দর গান দেয়ার জন্য। আমিও চেষ্টা করি স্যারের মনের মতো করে গাইতে। সত্যি বলতে প্রত্যেক শিল্পীই চান তার গানটা যেন ভালো হয়। অনুরূপভাবে আমিও এই গানটি অন্য সব গানেরই মতো মন দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। স্যার আমার প্রতি খুশী হয়েছেন, এটাই আমার প্রাপ্তি।’
স্বরলিপি জানান এর আগে মিল্টন খন্দকারের সুর সঙ্গীতে তিনি চার/পাঁচটি গান গেয়েছেন। এদিকে পহেলা বৈশাখের দিন সকালে রমনায় এবং দুপুরে আহসান মঞ্জিলে সঙ্গীত পরিবেশন করবেন স্বরলিপি। এছাড়ও পহেলা বৈশাখের পরের দিন ঢাকার শিল্পকলা একাডেমিতে সঙ্গীত পরিবেশন করবেন স্বরলিপি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164801