আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার তিন
সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জেরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলির ঘটনায় পিস্তল ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম। এর আগে শুক্রবার আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, বরিশাল জেলার উজিরপুর থানার উটরা গ্রামের ইউনুছ রাড়ীর ছেলে মো. রুবেল রাড়ী (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মো. সিয়াম (২১) এবং নাটোর জেলার সিংড়া উপজেলার মো. মিরাজ (২০)।
তাদের রুবেল রাড়ীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা জেলার আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৭ এপ্রিল ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকার রাজাবাদশা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটার বাপ্পি, কামরুল, জাকির হোসেন, রুবেল, তৈয়বসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রের মহড়া দেয়। একপর্যায়ে তারা মোটরসাইকেলে করে রাজাবাদশা মোড়ে অবস্থানরত পারভেজ নামে এক ব্যক্তিকে পূর্ব শত্রুতার জেরে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে পারভেজের পেট, পাঁজর ও হাতে গুলি লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পারভেজের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই গুলি ছোড়া ব্যক্তিদের গ্রেপ্তারে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।