সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৪৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১১ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের আওতাধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে ফেরীঘাট এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ ৫২ হাজার টাকা।

তিনি আরও বলেন, এর আগে শুক্রবার একই ব্যাটালিয়নের সুরাইঘাট, লালাখাল, জৈন্তাপুর ও আটগ্রাম বিওপি’র পৃথক টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচটি মহিষ, ৩০০ কেজি চিনি, ৫০ কেজি জিরা এবং ৩৪ কেজি চা পাতা জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা।

দুই দিনের অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ১০ হাজার ৬০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164733