সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সি গ্রেপ্তার

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে উপজেলার কেওডালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রক্সি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ‘কাইল্লা রক্সি’ দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়া, টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানায়, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164729