দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টায় উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম (৩৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায়চালিত একটি হাইএইচ মাইক্রোবাস ১০ যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এ সময় মাইক্রোবাসটির ভিতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক নিহত হয়েছেন এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164700