বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালে রেকর্ড, ব্রাজিল-আর্জেন্টিনার মাইলফলক

বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালে রেকর্ড, ব্রাজিল-আর্জেন্টিনার মাইলফলক

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে সংস্থাটি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এই বহরে থাকছেন ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। মোট ৫০টি সদস্য দেশ থেকে নির্বাচিত এসব অফিসিয়ালদের নিয়ে গঠিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রেফারিং প্যানেল।

এবারের বিশ্বকাপে আরেকটি বড় মাইলফলক গড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো একটি বিশ্বকাপে এই দুই দেশ থেকে তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন। আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছেন ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা ও ফাকুন্দো টেলো। অন্যদিকে ব্রাজিল থেকে থাকছেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও ও র‌্যামন আবাত্তি।ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও সাতজন অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আছেন অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেইলর। পাশাপাশি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন জ্যারেড জিলেট। মেজর লিগ সকার থেকেও ১১ জন অফিসিয়াল জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ইসমাইল ইলফাথ ও তোরি পেনসো এবং কানাডার ড্রিউ ফিশার রেফারির দায়িত্বে থাকবেন। ভিএআরে থাকবেন জো ডিকেরসন ও আরমান্দো ভিয়ারিয়াল।

৩৯ বছর বয়সি তোরি পেনসো বিশেষভাবে আলোচনায় আছেন। ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা থাকা এই মার্কিন রেফারি এবার পুরুষদের বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ছয় নারী অফিসিয়ালের একজন। তার সঙ্গে সহকারী হিসেবে থাকছেন ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট—এই তিনজন মিলে গঠন করেছেন একমাত্র পূর্ণাঙ্গ নারী অনফিল্ড অফিসিয়েটিং দল।

২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনাকারী পোল্যান্ডের শেমন মারচিনিয়াকও থাকছেন এবারের আসরে। তার সঙ্গে সহকারী হিসেবে থাকবেন টমাশ লিস্টকিয়েভিচ। এছাড়া ইউরো ২০২৪ ফাইনালের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে, চ্যাম্পিয়নস লিগ ২০২৫ ফাইনালের রেফারি ইস্তভান কোভাকস এবং কোপা আমেরিকা ২০২৪ ফাইনালের রেফারি রাফায়েল ক্লসও তালিকায় রয়েছেন।

কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় এবারের আসরে ৪১ জন বেশি অফিসিয়াল থাকছেন। প্রযুক্তির দিক থেকেও নতুনত্ব আনছে ফিফা। ৪৮ দলের এই বিশ্বকাপে রেফারিদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার করা হবে, যা এর আগে ক্লাব বিশ্বকাপ ও শীর্ষ লিগগুলোয় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। সব মিলিয়ে নতুন রেকর্ড ও প্রযুক্তির সংযোজনে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও আধুনিক আয়োজনগুলোর একটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164685