সব শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে সরকারি দল : জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে এবং তারা ওয়াদা ভঙ্গ করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সংসদ অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকারি দলের এমন আচরণের কারণে বিরোধী দল ওয়াকআউট করতে বাধ্য হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হলেও সেগুলো নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ কমিটির কার্যক্রমে শুরু থেকেই অনিয়ম দেখা দেয়। তার অভিযোগ, কমিটিতে আলোচনা হলেও পরে বিরোধী সদস্যদের না জানিয়ে একতরফাভাবে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সব অধ্যাদেশ নিয়েই আলোচনা করার বিষয়ে ঐকমত্য হলেও শেষ পর্যন্ত তা মানা হয়নি। জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকারের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করে কিছু অধ্যাদেশ ল্যাপস (তামাদি) তালিকায় ফেলে দেওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতা ‘জুলাই জাদুঘর বিল’ প্রসঙ্গে বলেন, বিলটি অপরিবর্তিতভাবে পাসের কথা থাকলেও পরে সরকারি দলের পক্ষ থেকে সংশোধনী আনা হয়, যা বিরোধী দলকে আগে জানানো হয়নি।
তিনি অভিযোগ করেন, সংসদে পর্যাপ্ত নথিপত্র সময়মতো সরবরাহ করা হয়নি এবং আলোচনার সুযোগও সীমিত রাখা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের ওপর আস্থা নেই, কারণ তারা বারবার ওয়াদা ভঙ্গ করেছে। ভবিষ্যতেও প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে আস্থা রাখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষার আন্দোলন চলবে এবং কোনো অবস্থাতেই বিরোধী দল তাদের অবস্থান থেকে সরে আসবে না।
সংবাদ সম্মেলনে তিনি সংসদের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164680