র্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ
দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নিয়েছে র্যাব। বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এসব অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল সারাদেশে ২০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব আরও জানায়, ফেনী জেলার ইসলাম রোড এলাকায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে একটি গুদামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ঢাকার পল্টন, শান্তিনগর, নয়াপল্টন, ভাষানীগলি ও পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত তেল মজুদ ও বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রংপুরে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুদদারি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে পরিচালিত অভিযানে তেলের মজুদে সুনির্দিষ্ট অনিয়ম না পাওয়ায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে শ্যামপুরের জুরাইন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা উদ্ধার করে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। জব্দকৃত মালামাল খাদ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নরসিংদী সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ উৎপাদন, মজুদ, ভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত মজুদ না করার জন্য সতর্ক করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164609