আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অসুবিধার জন্য ভোক্তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার আহ্বান জানিয়েছে।
তিতাস গ্যাস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টের ঢাকা ইপিজেড ও শ্রীপুর এলাকায় প্রকল্পের নির্মাণ কাজ চলায় আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তাঘেঁষা সব এলাকা সাভার এবং গাজীপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো- ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংকটাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোশাইদ, কুমকুমারি, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর।
এ সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য শ্রেণির গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপও কমে যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164585