বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উমরাহ শেষে ফেরা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার দুপুরে আগমনী ক্যানোপি-২ এলাকার খোলা কার পার্কিং থেকে খুলনার বাসিন্দা মফিদুল ইসলাম (৪৩)কে আটক করা হয়। তিনি সৌদি আরব থেকে এসভি ৮০৮ ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে নেমে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তল্লাশিতে তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম ২১ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার টাকা। পাশাপাশি জব্দ করা হয় ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরাচালান রোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164584