বগুড়ার সারিয়াকান্দিতে আগুনে জুলাই যোদ্ধার বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার সারিয়াকান্দিতে আগুনে জুলাই যোদ্ধার বসতবাড়ি পুড়ে ছাই

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে জুলাই যোদ্ধা আবুল কালাম আজাদ লিটনের (৩৫) বসতবাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভিটেপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আগুনে স্বর্ণ, টাকা এবং বসতবাড়ির আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের ছেলে জুলাই যোদ্ধা আবুল কালাম আজাদ লিটনের বাড়িতে আগুন লাগে। লিটন বগুড়া শহরের বাড়ি চকসূত্রাপুরে বসবাস করেন। গ্রামের বাড়িতে তার মা এবং বোন বসবাস করতেন। তারা গত ২ দিন আগে বগুড়ার বাসায় বেড়াতে যান।

লিটনের প্রতিবেশি হায়দার আলী দেখেন রাত আড়াইটার দিকে লিটনের বাড়িতে আগুন জ্বলছে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর জন্য চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে লিটনের বসতবাড়ির আধাপাকা ঘরের ৩টি কক্ষের সকল আসবাবপত্র, ধান, চাল, টিনের চালা, ঘরে গচ্ছিত ২ লাখ টাকা এবং ৩ ভরি পরিমাণের স্বর্ণালংকার পুড়ে গেছে।


লিটন মিয়া বলেন, সংবাদ পেয়ে বগুড়ার বাসা থেকে বাড়িতে এসে দেখি আমাদের বসতবাড়ির সবকিছুই পুড়ে শেষ হয়ে গেছে। আবাবপত্রের সাথে আমাদের বাড়ির আলমারিতে ২ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি পরিমানের স্বর্ণালংকার গচ্ছিত ছিল। যা খুঁজে পাওয়া যায়নি।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের ধারণা অনুযায়ী সেখানে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে টাকা এবং স্বর্ণের গহনা ক্ষতিগ্রস্ত হলে এ ক্ষতির পরিমাণ বেশ বৃদ্ধি পাবে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধার বসতবাড়ি ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আমাদের সংশ্লিষ্ট দপ্তর বরাবর একটি সহায়তার আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164534