বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর আত্মহত্যার ৩ বছর পর স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর আত্মহত্যার ৩ বছর পর স্ত্রীর আত্মহত্যা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে স্বামীর আত্মহত্যার প্রায় ৩ বছর পর মর্জিনা বেগম (৩৫) নামের একজন নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামের মৃত আবু সাঈদের স্ত্রী। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে তিনি আত্মহত্যা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২০২২ সালে মর্জিনার স্বামী পৌর জাতীয় শ্রমিক পার্টির সাবেক আহ্বায়ক আবু সাইদ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। আবু সাঈদের ২ মেয়ে এবং ১ ছেলে। মেয়ে ২ জনের বিয়ে হয়েছে। ছেলে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। সে হিসেবে মর্জিনা বেগম বাড়িতে একা থাকতেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে মর্জিনার প্রতিবেশিরা তার আত্মহত্যার বিষয়টি বুঝতে পারেন। পরে তারা ঘরে ঢুকে দেখতে পান মর্জিনা বেগম তার ঘরের তীরের সাথে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164527