দিনাজপুরের চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় আটক ১
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোরকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের টিসিবি ডিলার ব্যবসায়ী মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্সের মালামাল গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইনস্টিটিউট মাঠে বিতরণকালে দুপুরের নামাজের জন্য বন্ধ রেখে মসজিদে গেলে, সেই সুযোগে ডিলারের দু’জন কর্মচারী ৪৫টি প্যাকেজের মালামাল চুরি করে।
এ ঘটনায় ডিলার মোস্তাকিম সরকার বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে গত শনিবার (৪ এপ্রিল) থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রিয়াদ ইসলামকে (২২) আটক করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতকে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামি আটকের চেষ্টা করা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164512