শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে মোহাম্মদ শামীম নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও রগকেটে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (৯ এপ্রিল) রাতে তার শ্বশুরবাড়ি উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যমভাটেরখিল (তালতলা) এলাকার বাড়ি থেকে তাকে ডেকে নেওয়া হয়। 

শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহতের ভাই মো সেলিম জানান, অনেক অভাব-অনটনে দিন কাটছে শামীমের। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করার কারণে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপেরবাড়ি যান। শামীমও সন্ধ্যায় ওখানে যান। রাত আটটায় শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০-৪০ জন অস্ত্রধারী ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে কানেকটিং (মাটির সড়ক) এলাকায় ফেলে যায়। 

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। এর জেরে তাকে হত্যা করে জাফর ও ইরানরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, রাত ১টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, যারা হত্যা করেছে আর যে হত্যার শিকার হয়েছে তাদের কারো পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের টিম কাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164492