ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলপথ মন্ত্রী
বাংলাদেশে রেলওয়ের অধীনে এই বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক পৃথক প্রশ্নের জবাবে একথা জানান রেলপথ মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।
বিএনপির এমপি মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্তমানে দেশে ৩,৪২৮.০৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ এক হাজার ৫৯১.৪৩ কিলোমিটার, ব্রডগেজ এক হাজার ৬৬.৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০.০৬ কিলোমিটার। এছাড়াও বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবতার নিরিখে ব্রডগেজ এবং ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে।
সরকার দলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু আছে। ভারত থেকে কোচসমূহ আসা শুরু হলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
তিনি বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির জন্য অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান আছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164460