রংপুরে আইসিইউ সংকট এক মাসেই ভর্তি ৫৮ রোগী মৃত্যু ৩১ জনের
রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) আইসিইউ সংকট চরম আকার ধারণ করেছে। মার্চ মাসে হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়া ৫৮ জন রোগীর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সীমিত শয্যা ও পর্যাপ্ত সুবিধার অভাবে সংকটাপন্ন রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
রংপুর বিভাগের আট জেলার মানুষের জন্য প্রধান চিকিৎসাকেন্দ্র এই হাসপাতালটিতে বর্তমানে আইসিইউ বেড রয়েছে মাত্র ১০টি। অথচ প্রতিদিনই এখানে শতাধিক গুরুতর রোগী চিকিৎসার জন্য আসেন। ফলে অনেক রোগীই আইসিইউ সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছেন।
রোগীর স্বজনরা জানান, হাসপাতালে সংকটাপন্ন রোগীদের আইসিইউতে স্থান না পেলে বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে নিতে হয়। কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে সেই খরচ বহন করা সম্ভব নয়। এতে অনেক রোগী সময়মতো উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকার স্কুলশিক্ষক রোমানা বৃষ্টি বলেন, তার বাবাকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউ প্রয়োজন হয়। কিন্তু বেড না থাকায় বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে নিতে হয়েছে, যেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, শয্যা সংকটের কারণে সব রোগীকে আইসিইউতে নিতে পারি না। যাদের নেওয়া সম্ভব হয় না, তারা সাধারণ ওয়ার্ডে থেকে ধীরে ধীরে আরও খারাপ অবস্থায় চলে যায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, রমেক হাসপাতালে অনুমোদিত শয্যা সংখ্যা এক হাজার হলেও প্রতিদিন প্রায় আড়াই হাজার রোগী ভর্তি থাকেন। কিন্তু আইসিইউ বেড মাত্র ১০টি। ৫ বেডের গাইনি আইসিইউ এবং ৫ বেডের শিশু আইসিইউ চালুর প্রস্তাব দিয়েছি। এটি বাস্তবায়িত হলে আইসিইউ সেবার সক্ষমতা কিছুটা বাড়বে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164432